বর্ষার সময় আমাদের ত্বকের বাড়তি যত্ন নেওয়া দরকার। এ সময়ে বাতাসের আর্দ্রতার কারণে লোমকূপ বন্ধ হয়ে যায়, ফলে ত্বক পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না। এ কারণে ত্বকে কালচে ভাব দেখা যায়। এ সময় দিনে কয়েকবার করে মুখ ধোঁয়া উচিত।
শুষ্ক ত্বকের জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক চা-চামচ গোলাপজল ও এক চামচ গ্লিসারিন মিশিয়ে মুখে লাগাতে হবে।কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।তৈলাক্ত ত্বকের জন্য গোলাপজল অথবা দুধের সঙ্গে বেসন মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট লাগিয়ে রাখতে হবে। মুখ ধুয়ে পানির ভাগ বেশি এমন কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
স্বাভাবিক ত্বকের জন্য পেস্তা বাদামের গুঁড়ো, গোলাপজল ও দুধ একসঙ্গে মিশিয়ে নিন। ২০ মিনিট লাগিয়ে রাখুন। বছরের এ সময়ে দিনে দুবার মুখ ধুতে হবে। ত্বকে ছত্রাকের সংক্রমণ রোধ করবে, এমন সাবান ও পাউডার ব্যবহার করা উচিত। ভারী মেকআপ একদম নয়। পাশাপাশি ভারী ময়েশ্চারাইজারও এড়িয়ে গেলে ভালো হয়।
বর্ষায় আর্দ্রতার কারণে বা ভেজা রাখার কারণে চুলের গোড়ায় ছত্রাকের সংক্রমণ হয়ে যায়। এ ঝামেলা থেকে মুক্তি পাওয়ারও উপায় আছে। চুল ধুয়ে ব্লো ড্রাই করে নিতে হবে। অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। চুল যাতে সুন্দর ও ঝলমলে থাকে, সে জন্য সপ্তাহে এক দিন এ প্যাকটি ব্যবহার করতে পারেন। মেহেদির সঙ্গে চার চামচ লেবুর রস, চার চা-চামচ কফি এবং দুটি ডিম ও টক দই মিশিয়ে দিলে চুল অনেক সুন্দর হবে।
চুলে কোনো ধরনের প্যাক বা শ্যাম্পু করার আগে অবশ্যই ভালোভাবে তেল ম্যাসাজ করতে হবে। রক্ত চলাচল বৃদ্ধির পাশাপাশি চুলের গোড়া এতে পুষ্টি পাবে। এ ছাড়া চুল ভালো রাখার জন্য প্রোটিন ও মিনারেলযুক্ত খাবার খাওয়া উচিত। প্রচুর পরিমাণে পানিও পান করা দরকার।
ফিরতে ক্লিক করুন :